ঢাকার প্রবল বৃষ্টিতে ভেসে গেছে ফেসবুক

২০ জুলাই, ২০২০ ২০:১৪  
প্রবল বৃষ্টিতে সয়লাব রাজধানী ঢাকায় পানিতে ডুবে যাওয়া রাস্তাঘাটের ছবিতে ফেসবুক ভেসে গেছে। বেশিরভাগ ছবিতেই দেখা যায় জলাবদ্ধতার কারণে রাস্তায় তীব্র যানজট, গাড়ি নিশ্চল অবস্থায় পড়ে আছে, বাস গাড়ি রিকশা অর্ধেক ডুবে আছে পানিতে, রিকশা আরোহীরা পা উপরে তুলে রেখেছেন। কোনো কোনো সড়কে পানির ওপর দিয়েই নৌকার মতো গাড়ি চলছে। পানির ওপর দিয়ে ছুটে চলাকে একজন লিখেছেন, 'সার্ফিং!' কেউ লিখেছেন, পানিতে ডুবে যাওয়া রাস্তা দেখে বোঝার উপায় নেই রাস্তা না নদী। রবিবার রাত থেকেই মুষুলধারে বৃষ্টি শুরু হলে শহরের বেশিরভাগ রাস্তাঘাট অলিগলি পানির নিচে তলিয়ে যায়। সোমবার সকালে ঢাকার কর্মজীবি মানুষেরা বাহিরে বের হতেই শুরু হয় ভোগান্তি। কেউ কেউ স্ট্যাটাস দিয়েছেন, জলাবদ্ধতার কারণে তারা শহরের একই জায়গা গাড়িতে কয়েক ঘণ্টা আটকা পড়ে আছেন। জল ও যানজটে নাকাল বাসিন্দাদের অনেকে এই পরিস্থিতির জন্যে নগর কর্তৃপক্ষের ওপর ক্ষোভ ঝেড়েছেন। মতিঝিল এলাকায় অফিসে করতে আসা রাসেল হোসেন ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করেছেন, সকালে অফিসে আসার সময় আমার মতো অনেককে তীব্র ভোগান্তি পোহাতে হয়েছে। প্রায় সব রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক রাস্তায় হাঁটু পানি, কোথাও তারচেয়েও বেশি। রিকশায় চলাচল করায় সময়ও পুরো রিকশার চাকা পানিতে ঢুবে যাচ্ছিল। রাজধানীর মিরপুরের বাসিন্দা মানিক মিয়া স্ট্যাটাসে মন্তব্য করেছেন , বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মিরপুরে মনে হয়ে আরও একটু বেশি হয়। আজও তেমনটাই হয়েছে। এতে সকালে আমরা যারা কাজে বেরিয়েছি, জলাবদ্ধতার কারণে পড়েছি মহাবিপদে।